সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও দর্শন ধারণ করতে হবে। জাতীয় কবি নজরুল ইসলাম তাঁর লেখনী ও সৃষ্টির মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি শুধু একজন কবিই নন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটি দৃঢ প্রতীক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে মাদরাসার শিক্ষার্থীদেরও সাহিত্য চিন্তাধারার চর্চা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় জীবনে কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের গুরুত্ব উপলব্ধি করেই ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষনা দিয়েছিলেন। মাদরাসা শিক্ষার অগ্রগতিতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ফাজিল ডিগ্রি ও কামিলকে মাস্টার্সের মান দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছেন তিনি। ধর্মের প্রতি, ইসলামের প্রতি মরহুমা বেগম খালেদা জিয়ার এই অনুরক্ততার প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সব সময় পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি সাম্যের কবি এবং ইসলাম প্রেমী একজন জাতীয় কবির স্মরণে আমরা একটি কার্যক্রম আজকে শেষ করতে যাচ্ছি। নজরুলকে যথাযথ মর্যাদায় এবং শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংস্কৃতির উন্মেষ ঘটানোর জন্য নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন মন্ত্রণালয়ের তাগিদে এবং প্রধান অতিথির সাগ্রহে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে এই আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আবু বকর সিদ্দিক, উপ-পরিচালক জিয়াউর রহমানসহ সারাদেশ থেকে আগত মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারীগন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ- ২০২৬’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।