মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অনাবাদি জমিতে কলাচাষ করে ভাগ্য ফিরেছে অন্তত ৩ হাজার চাষীর ৷ প্রতি হেক্টর জমিতে কলার ফলন হয়েছে ২৫ থেকে ৩০ টন ৷ উৎপাদন খরচ বাদেই হেক্টর প্রতি লাভ হচ্ছে ৬০ হাজার টাকা ৷ কৃষি বিভাগ বলছে,অনাবাদি জমির পরিমাণ শূণ্যের কোঠায় নামাতে কলাচাষে কৃষকদের আগ্রহী করতে দেয়া হচ্ছে পরামর্শ ৷
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে জেলার কয়েক হাজার কৃষক এবার কলাচাষ করছেন ৷ প্রতিটি গাছে এখন সবরি, কবরি ও সাগরসহ বিভিন্ন প্রজাতির কলার দেখা মিলছে বাগানগুলোতে ৷
ভোর হলে ওসব বাগানে শ্রমিক মালিকদের ব্যস্ততা বেড়ে যায় ৷ উচুঁ জমিতে বারোমাসই কলাচাষ হচ্ছে ৷ স্থানীয় চাহিদা পূরণ করে কলা চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলায় ৷ এতে আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি ভাগ্য ফিরেছে অনেকের ৷ এসব কাজে সহযোগিতা করছেন পরিবারের নারী সদস্যরা ৷
জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, কলাচাষীদের পরামর্শ দেয়ার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনবেন ৷
কলাচাষে প্রতি হেক্টর জমিতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা উৎপাদন খরচ হয় ৷ আর প্রতি হেক্টরে লাভ হয় এক লাখ টাকা ৷