আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভীখন্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে শুক্রবার ইসরায়েলকে ১ বছর সময় দিয়েছেন ৷
তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না ৷
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে আব্বাস আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহবান জানান ৷
তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটামও দিয়েছেন ৷
আব্বাস বলেন, আমরা দখলদার শক্তি ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূখন্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি ৷
তিনি আরও বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চুড়ান্ত মর্যাদা দেয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে এ বছর জুড়ে কাজ করতে ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে ৷
আব্বাস আরও বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে ৷
ফিলিস্তিন নেতা মাহমুদ আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে ৷
ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে ৷ — সূত্র বাসস