ডেস্ক রিপোর্টঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি ৷ এতে কোনো দ্বিমত নেই, এই সরকারকে সরিয়ে জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে ৷
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন ৷ বুয়েটের মেধাবী ছাত্র নিহত আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এই স্মরণ সভার আয়োজন করে ৷
বিএনপি মহাসচিব বলেন, আসুন আজকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই ৷ ঐক্যের মধ্য দিয়ে দুর্বার একটা গণআন্দোলন সৃষ্টি করি ৷
তিনি আরও বলেন, এই অবৈধ সরকার, যারা বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে বসে আছে তাদের সরিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি ৷