আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে ৷
৯০ এর প্টভূমি আর ২০২১ এর পটভূমি এক নয় জানিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন ৷
সেতুমন্ত্রী বলেন, সরকারকে আর সময় দেওয়া যায় না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় দেওয়ার কে?
তিনি আরও বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ ৷ আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটারগণ ৷
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি জাতীয় প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে ৷ জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে ৷ কিন্তু বিএনপি এখন প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে ৷ বিএনপি এখন প্রেসক্লাবের ভিতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য ৷