নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ৷ প্রতিবছর দিনটি (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস পালন করা হয় ৷
সমাজের অন্ধ গোঁড়ামি থেকে নারীকে মুক্ত করতে সংগ্রাম করেছেন বেগম রোকেয়া সাখাওয়াত ৷ আজকের এ দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ৷
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন ৷ এবার বেগম রোকেয়া পদকের জন্য ৫ বিশিষ্ট নারীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ৷
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে ৷
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন ৷
উল্লেখ্য, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন ৷ সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোন চল ছিল না ৷ তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শিখেন ৷
তার জীবনে শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে তার ভাই ইব্রাহিম ও বড় বোন করিমুন্নেছা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ৷
পরবর্তীতে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হয় ৷ স্বামীর উৎসাহে ও নিজের আগ্রহে তিনি নারী শিক্ষার প্রসার ঘটান ৷ বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান ৷