প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন করা হবে ৷ এই সেতু দেশের জিডিপিতে এক দশমিক দুই ভাগ হারে অবদান রাখবে ৷
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষমতাসীন সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী ৷
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে তার ভাষণটি সম্প্রচারিত হয় ৷
শেখ হাসিনা বলেন, ২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর ৷ কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু ৷
তিনি আরও বলেন, অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে যাচ্ছি ৷
প্রধানমন্ত্রী বলেন, এই সেতু দেশের দক্ষিণাঞ্চলকে সরাসরি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করবে ৷ আশা করা হচ্ছে, এ সেতু জিডিপিতে এক দশমিক দুই শতাংশ হারে অবদান রাখবে ৷