প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় আবারো ভার্চুয়াল কোর্ট শুরু হতে পারে ৷
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালতের বেশ কয়েকজন বিচারক ও কর্মী করোনা আক্রান্ত হয়েছেন ৷ কাজেই কোর্টের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করা উচিত ৷
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে মামলার শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সর্বোচ্চ আদালতকে বলেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
করোনা সংক্রমণ বেশি থাকায় গত বছর ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করা হয় ৷ গত বছরের ডিসেম্বরের ১ তারিখ থেকে পুনরায় সশরীরে আদালতের কার্যক্রম শুরু হয় ৷