পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে ৷ রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে ৷
রোববার (২৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন ৷
২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস হবে ৷ ঈদের যে স্বাভাবিক ছুটি সেগুলো বহাল থাকবে ৷
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৷ এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকগণ ৷
অফিস আদেশে আরও বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে ৷
এর আগে ১৯ মার্চ কুড়িগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন জানান, করোনাকালীন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে এবার ২০ রমজান পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে ৷