খবরের চোখঃ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব ৷
শুক্রবার (২২ এপ্রিল) প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা শুরু হয় ৷
পরীক্ষার শুরুতে রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান গণশিক্ষা প্রতিমন্ত্রী ৷ পরিদর্শন শেষে কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব ৷
তিনি আরও বলেন, এ ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ৷ এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি ৷ যদি কারো কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন ৷ আমরা সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা করবো ৷
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, দেশের ২২ জেলায় প্রথম ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এরমধ্যে ১৪ জেলার সবকটি উপজেলায় এবং ৮ জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা গ্রহণ করা হয় ৷
৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী ৷ প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী ৷ (ছবি সংগৃহীত)