বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত ৷ তবে নিজের দেশের চাহিদা মেটাতে এবার গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত ৷
অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকরের কথা বলা হয়েছে ৷
সরকারিভাবে বলা হচ্ছে, শুধু বিজ্ঞপ্তির আগে ক্রেডিট পত্র জারি করা হয়েছে এমন রপ্তানি চালানের অনুমতি দেওয়া হবে ৷
শুক্রবার রাতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলেছে,গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে ৷ তবে বিজ্ঞপ্তির তারিখে বা তার আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের রপ্তানির অনুমতি দেওয়া হবে ৷
চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে গমের দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল ৷ যা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে ৷
ইউক্রেন ও রাশিয়া গম উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে ৷ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের এ ঘোষণা দিল ভারত ৷ ইউক্রেন ২০২১ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল ৷ যা বিশ্বব্যাপী গম রপ্তানির ১০ শতাংশের যোগান দিয়েছে ৷ কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে গমসহ সব ধরনের শস্যের চালান ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ রয়েছে ৷