জনগণ ও গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য তথ্যকেন্দ্র তৈরি এবং তথ্য কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে ৷
বৃহস্পতিবার (২৬ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটটি করেন ৷
এ বিষয়ে শিশির মনির সাংবাদিকদের বলেন , ২০০৯ সালের তথ্য অধিকার আইনে সব ধরনের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্যকেন্দ্র গঠন ও একজন তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রয়েছে ৷
তিনি আরও বলেন, তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা না করা এবং সুপ্রিম কোর্টে তথ্য কর্মকর্তা নিয়োগ না দেওয়া তথ্য অধিকার আইন এবং সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন ৷ যেখানে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে ৷
সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এখানে কোনো তথ্যকেন্দ্র বা তথ্য কর্মকর্তা নেই রিট আবেদনে উল্লেখ করেছেন ৷
শিশির মনির বলেন, আমি প্রায় ৬ মাস আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে মৃত্যুদন্ডের বিষয়ে কিছু তথ্য চেয়েছিলাম ৷ এখন পর্যন্ত আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি ৷ যে কারণে আমি প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদন জমা দিয়েছি ৷
আগামী সপ্তাহে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে ৷