জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন ৷ শুক্রবার (৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে দুবার গুলি চালানো হয় ৷
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ৷
শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে ৷
পার্টির একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, নারাতে ঘটনাস্থলের কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিনজো আবে ৷
বিবিসি বলেছে, গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন আবে ৷ পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ গুলিবিদ্ধ হওয়ার পর প্রকাশিত ছবিতে তাকে রক্তাক্ত দেখা গেছে ৷ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে (৪১) আটক করেছে পুলিশ ৷
এই হামলার নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বর্বোরচিত হামলা যা সহ্য করার মতো নয় ৷
জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, আবের ঘাড়ের বাঁ পাশে একটি গুলি লেগেছে এছাড়া তার বুকের বাম পাশের অংশে রক্তক্ষরণ হয়েছে ৷
দুটি বুলেটই আবের গায়ে লেগেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ৷
উল্লেখ্য, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল ৷ কেননা, দেশটির হ্যান্ডগান নিষিদ্ধ ৷
জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে ৷ তিনি ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৷
সূত্র- বিবিসি