চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
শনিবার (২৭ আগস্ট) গণভবনে চা বাগান মালিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আহমেদ কায়কাউস ৷
তিনি বলেন, শ্রমিকদের আবাসন, রেশনসহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা দেয়া হয়, তার সাথে এই দৈনিক মজুরি মিলিয়ে তাদের প্রতিদিনের আয় ৪৫০ থেকে ৫০০ টাকা হবে ৷
তিনি আরও বলেন, আগামীকাল থেকে শ্রমিকদের সবাইকে কাজে যোগ দেয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী ৷
এর আগে বিকেল ৪টার পর গণভবনে এ বৈঠক শুরু হয় ৷ বৈঠকে দেশের বৃহৎ ১৩ চা বাগান মালিক উপস্থিত ছিলেন ৷
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা ৷ এরপর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা ৷
আন্দোলনের প্রেক্ষিতে ২০ আগস্ট শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে বৈঠকে দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয় ৷ বৈঠক শেষে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও তা মেনে নেয়নি শ্রমিকরা ৷ চলতে থাকে আন্দোলন ৷ ছবি সংগৃহিত