ঢাকাই ছবির নায়ক সালমান শাহ ৷ মৃত্যুর ২৫ বছর পেরিয়েও কমেনি জনপ্রিয়তা ৷ আজ ৬ সেপ্টেম্বর তার ২৬ তম মৃত্যুবার্ষিকী ৷ বিশেষ দিনটিতে সালমান শাহকে নিয়ে স্মরণ অনুষ্ঠান ও মিলাদের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি ৷ তথ্যটি গণমাধ্যমে জানিয়েছেন এই নায়কের আবিষ্কারক পরিচালক সোহানুর রহমান সোহান ৷
সোহান বলেন, সালমান যেহেতু শিল্পী সমিতির মানুষ ছিল, সেখান থেকেই তার জন্য আয়োজন থাকছে, যতদুর জানি ৷ এর আগের কমিটি তো প্রোগ্রাম করতে দেয়নি ৷ তাই বলে কি সালমানকে আটকে রাখতে পেরেছে? পারেনি ৷
সালমান মানে তখনকার ভক্তদের হৃদয় উল্লাস, সালমান শাহকে হারানোর ২৬ বছরের মাথায় দাঁড়িয়ে দুটি কথা বললেন সোহান, সালমান তো আর ফিরে আসবে না ৷ আল্লাহ যেন ওর সমস্ত গুনাহ মাফ করে দেয়, ওর আত্না যেন শান্তিতে থাকে, এই দোয়া করি ৷
দ্বিতীয় কথা হলো,আসলে ওর মতো শিল্পীর এখনও খুব অভাব ৷ দিন যত যাচ্ছে, ওকে আরও বেশি মিস করছি ৷
১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহ’র রহস্যমৃত্যু ঘটে ৷ সেই রহস্যের দুই যুগ পেরিয়ে যাচ্ছে ৷ তবু ধোঁয়াশা কাটেনি ৷