অমর নায়ক সালমান শাহকে বলা হতো ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র ৷ সমসাময়িক সময়ে তার স্টাইল, ফ্যাশন, ট্রেন্ড ছিল তরুণ প্রজন্মের কাছে ক্রেজ ৷ আর এজন্য হয়তো মৃত্যুর দু যুগ পরেও তার জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী ৷
মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে ৷ অর্জন করেছেন অভাবনীয় সাফল্য ৷ স্বল্পদৈর্ঘ্যর তার এই ক্যারিয়ার এখনো পূর্ণ্যদৈর্ঘ্যে হয়ে আছে অসীম রুপালি ভুবনে ৷ আর এই অকালমৃত্যু তাকে দিয়েছে অমরত্ব ৷
আজ ১৯ সেপ্টেম্বর এই অমর নায়ক সালমান শাহ’র জন্মদিন ৷ ১৯৭১ সালের এ দিনে সিলেটের দাড়িয়াপাড়ায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ৷ তার পিতা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে সালমানের ডাক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন ৷ তবে চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামেই তিনি সর্বাধিক পরিচিত ৷
মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি ৷ তার মধ্যে অন্যতম কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, এই ঘর এই সংসার, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন, মায়ের অধিকার ইত্যাদি ৷
সিনেমার পর্দায় সালমান শাহ’র সাথে চিত্রনায়িকা শাবনুরের জুটি ছিল সর্বাধিক জনপ্রিয় ৷ এদের দুজনকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা জুটি বলে থাকেন ভক্তরা ৷ তবে পর্দার এই রসায়নের প্রভাব পড়েছিল বাস্তব জীবনেও ৷ শাবনুরের সাথে ছিল অতিরিক্ত ঘনিষ্ঠতা ৷ হতে হয়েছে তুমুল আলোচনার পাত্র ৷
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা থেকে এই গুণী অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্ত প্রতিবেদনে আত্নহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যুর রহস্যজট আজও খুলেনি ৷