বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৷ এছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে ৷ তাই কেন্দ্রীয় ব্যাংক আশা করছে যে, একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে ৷
সাম্প্রতিক সময়ে চিনির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ এ তথ্য জানায় ৷ ২০২১ সালে দেশে মোট ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছিল ৷ চলতি ২০২২ সালের প্রথম নয় মাসে ইতোমধ্যে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি সম্পূর্ণ হয়েছে ৷
উল্লেখ্য, বর্তমানে দেশে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন ৷ যার সিংহভাগ আমদানি করতে হয় ৷