স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন (ইসি)সচিবসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার ৷
এছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে ৷
পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে ৷
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷
শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে ৷
জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে ৷
নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প সচিব হিসেবে বদলি করা হয়েছে ৷
এদিকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দ্বায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান ৷
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দ্বায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ৷ তাকে পদোন্নতি দিয়ে এই পদে পদায়ন করা হয়েছে ৷
এছাড়া সচিব পদে পদোন্নতি পাওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিয়াকে আগের পদেই বহাল রেখেছেন সরকার ৷