আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ৷
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদেরকে পুনরায় নির্বাচিত করা হয় ৷
দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন ৷
আমির হোসেন আমু সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার তা সমর্থন করেন ৷ নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কারো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন ৷
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধন চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ৷ নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় ওবায়দুল কাদেরেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ৷