বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত ৷ আগামী ১৭ মে নতুন এ দিন নির্ধারণ করা হয়েছে ৷
মঙ্গলবার (১৪ মার্চ) কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল ৷
তবে এদিন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন ৷ এ সময় আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ৷
এদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার ৷ বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া ৷
উল্লেখ্য ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন ৷ মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয় ৷