জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু – প্রধানমন্ত্রী
সরকার প্রধান বলেন, জাপান আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপান বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু ৷ স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়া কয়েকটি দেশের মধ্যে এই দেশটি তাঁর হৃদয়ের খুব কাছের ৷
তিনি বলেন, জাপান আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার ৷ বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের অবিচল সমর্থন পেয়েছে এবং স্বাধীনতার পর জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়েছে ৷
সরকার প্রধান বলেন, স্বাধীনতা লাভের দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেয়া কয়েকটি দেশের মধ্যে জাপান অন্যতম ৷
তিনি আরও বলেন, জাপানের জাতীয় পতাকার নকশা দেখেও অনুপ্রাণিত হয়েছিলেন ৷ উভয় পতাকাই বাংলাদেশের জন্য গাঢ় সবুজ এবং জাপানের জন্য সাদা রঙের পটভূমির বিপরীতে কেন্দ্রে লাল বৃত্তসহ আয়তাকার ৷
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে ৷ সাম্প্রতিক ওডিএ ঋণ প্যাকেজে জাপান বাংলাদেশকে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সহজ শর্তে ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে ৷
এছাড়াও তিনি বলেন, ঢাকায় মাস র্যাপিড ট্রানজিট ট্রেন লাইন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্ধর, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং আড়াইহাজারে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ জাপান বাংলাদেশের কয়েকটি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে ৷