সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
রোববার (২ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে ৷ সব জায়গায় উন্নতি হয়েছে ৷ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে আমরা কাজ করি ৷
সরকার প্রধান বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে গ্রাম আর নেই; সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে যা বিশ্বে স্বীকৃত ৷ বাংলাদেশ এখন রোল মডেল ৷ আজ বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছি ৷
এসময় জীবন সায়াহ্ন টুঙ্গিপাড়ায় থাকতে চান বলেও নিজের ইচ্ছের কথা জানান শেখ হাসিনা ৷
দুদিন সফরের শেষ দিনে আজ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ৷
এর আগে, প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুদিনের সফরের অংশ হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘন্টার সড়কপথে পদ্মাসেতু পার হয়ে কোটালীপাড়ায় পৌঁছান ৷ এসময় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন ৷
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজ বিরাজ করছে ৷ বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে পুরো এলাকা এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ ৷
আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে তার ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে ৷