মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে মাটি ভরাট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷ সেই সঙ্গে আড়িয়ল বিল সুরক্ষায় পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত ৷ ওই বিল ভরাট করে তৈরি করা স্থাপনা অপসারণ এবং তা সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না,এ বিষয়টি রুলে জানতে চাওয়া হয়েছে ৷
বুধবার (১৬ আগস্ট) জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
আদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীনগরের ইউএনও ও ওসিসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷
এছাড়াও গণপূর্ত সচিব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ৪ জনকে আড়িয়ল বিলের ২০১০ ও ২০২২ সালের প্রকৃত স্যাটেলাইট এরিয়াল ম্যাপ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ৷ যাতে প্রকৃত চিত্র পাওয়া যায় ৷
আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান ৷