বুলবুল আহাম্মেদ (সিনিয়র রিপোর্টার):
বছরের শুরুতেই দেশে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ ৷ চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ৷ দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা(প্রতি ডলার ১১০ টাকা ধরে)৷
রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ৷
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার ৷
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স ৷ তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার ৷ অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার ৷