আদালত প্রতিবেদক:
আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷
পরিবেশবাদী ও প্রাণী অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২১ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন ৷
রিটে স্বরাষ্ট্র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে ৷
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ৷
আইনজীবী রফিকুল ইসলাম আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ৷
তিনি বলেন, আইনি বিধিনিষেধের মধ্যেও বিশেষ দিনে আতশবাজির প্রচলন আশঙ্কাজনক হারে বেড়েছে ৷ ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে শত শত পাখি মারা যাওয়া এবং দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে ৷ এসব কারণে জনস্বার্থে ১১ জানুয়ারি রিট করা হয় ৷