হযরত শাহজালাল বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
আটক করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা
সালাউদ্দিন সুমন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণসহ মাসুদ ইমাম নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৷
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে দুবাই হতে আসা ওই ব্যক্তির কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয় ৷
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৷
ফারহানা জানান, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৪ রাত ১০টা ৪৬ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে ৷ এরপর গোপন সংবাদের ভিত্তিতে এই ফ্লাইটে অভিযান চালানো হয় ৷
তিনি আরও জানান, বিমানটির ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের ২৬ কে সিটের যাত্রী মাসুদ ইমামের পরিচয় নিশ্চিত করা হয় ৷ তার দেহ তল্লাশি করে একটি চামড়ার ব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন ৷ তার কাছে আরও দুটি একই আকৃতির ও সদৃশ ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক স্বর্ণের বার ছিল ৷
সহকারী পরিচালক জানান, ওই যাত্রীর দুটি ব্যাগ থেকে ২৮টি বার এবং একটি ব্যাগ থেকে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া গেছে ৷ এরমধ্যে ২৮টি বারের ওজন তিন কেজি ২৪৮ গ্রাম এবং সোনার কয়েনটির ওজন ২৫০ গ্রাম ৷ সবমিলিয়ে মোট তিন কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় ৷ আটক করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা ৷ ওই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা করা হয়েছে ৷