মো. মারুফ শাহ:
বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত ৷ রপ্তানিকারকরা ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারবেন ৷ অবিলম্বে রপ্তানি কার্যক্রম শুরু হবে ৷
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতের ভোক্তাবিষয়ক অধিদপ্তরের সচিব রোহিত কুমার সিংহ নয়াদিল্লিতে সাংবাদিকদের এসব তথ্য জানান ৷
রোহিত কুমার জানান, আমরা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে ১২০০ টন, বাহরাইনে ৩০০০ টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ অবিলম্বে রপ্তানির অনুমোদন দিয়েছি ৷ ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে ৷
রোহিত কুমার আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ভোক্তাবিষয়ক অধিদপ্তরের সচিব জানান, গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত ৷
এই মাসের শুরুর দিকে ভারত সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ পবিত্র রমজান মাসের আগে দাম স্থিতিশীল রাখতে পেঁয়াজসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছিলেন ৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের সময় এ অনুরোধ করেছিলেন তিনি ৷