ডেস্ক রিপোর্ট:
দেশের ৬ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মধ্যরাতে ৷ ফলে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে মাছ শিকারে নেমেছেন জেলেরা ৷
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ নদী অঞ্চলে জেলেদের ইলিশ ধরতে দেখা গেছে ৷
চাঁদপুরের চরভৈরবী থেকে ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় বিচরণ করছেন প্রায় অর্ধ লক্ষাধিক জেলে ৷ নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ ৷
দুই মাস পর মাছ ধরা শুরু হওয়ায় সংশ্লিষ্ট মৎস্য ঘাট ও জেলেপল্লীতে রীতিমতো উৎসবের আমেজ দেখা গেছে ৷ প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আড়ৎগুলোতে ৷
এর আগে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুই মাস দেশের ছয় অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ রাখা হয় ৷