স্টাফ রিপোর্টার:
পেঁয়াজ আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি ৷
বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশ নেন ৷
বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় ৷ এ বৈঠকে গার্মেন্টসকর্মীদের জন্য টিসিবির স্মার্টকার্ড দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় ৷
বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করার, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া এবং পেঁয়াজ আমদানির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বৈঠকে ৷
এছাড়া কমিটি থেকে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মেইনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷