দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই ৷
শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন ৷
অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷
প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি ৷ সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই ৷ যারাই দুর্নীতি করবে তাকেই ধরা হবে ৷
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আয়কর দিয়ে যাতে তারা মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেজন্যই মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয় ৷
সরকার প্রধান বলেন, কালো টাকা সাদা না ৷ এখন দেশে দাম বেড়ে গেছে ৷ এখন এক কাঠা জমি যার আছে সেই কয়েক কোটি টাকার মালিক, ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক ৷ এভাবে অনেক সময় কিছু করতে গেলে অতিরিক্ত অর্থ চলে আসে ৷ সেটা তারা বাজেটে দেখাতে পারেন না ৷ সেটা তারা আয়কর দিতে পারেন না ৷
প্রধানমন্ত্রী আরও বলেন, এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেন নিয়েছিলেন এবং আরও অনেকে নিয়েছিলেন ৷ তারাও কিন্তু এরকমভাবে সেই ২০০৭/২০০৮ বা তার পরবর্তীতে এভাবে কিন্তু তারা বৈধ করে নিয়েছিলেন ৷ এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছেন ৷ এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন ৷ মনে হয়,একটু খোঁজ নিতে হবে ৷ আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছিলেন কি না ৷