ডেস্ক রিপোর্ট:
কাদা ছোড়াছুড়ি, তর্ক-বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপি অতীতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং এখনো করবে। তবে ‘কয়েকজন মানুষ, তারা টার্গেট করেছে বিএনপিকে। মিথ্যা প্রচারণা, অপপ্রচার করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়।
কারণ বিএনপি সেই দল, যারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে এবং এখনো করবে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে বিএনপি এই সভার আয়োজন করে।
এদিক সকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।
দলের নেতাকর্মী এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করব, আপনার ধৈর্য ধরবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই—আজকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক-বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক একটা জায়গায় পৌঁছাতে পারি।
ঢাকা/ফেব্রুয়ারি/২০২৫