চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী হামিদুর রহমান গ্রেফতার
তার বিরুদ্ধে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন আদালত
সিনিয়র রিপোর্টার:
ঢাকার ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্টীল বাজার এলাকা থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। তার নাম হামিদুর রহমান পিন্টু (৫০)।
গত শনিবার (০৫ জুলাই) রাতে ঢাকার ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্টীল বাজার এলাকা থেকে র্যাব ১০ তাকে গ্রেফতার করে ঢাকার নবাবগঞ্জ থানায় হস্তান্তর করে। খবরের চোখকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মমিনুল ইসলাম।
র্যাব ও পুলিশ জানায়, গ্রেফতারকৃত হামিদুর রহমান পিন্টু নবাবগঞ্জ থানার আগলা খানখাটি গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ২০২০ সালে ঢাকার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন কেরানীগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. নূর আলম।
বিচার কার্যক্রম শেষে ঢাকা যুগ্ম দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক তার বিরুদ্ধে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।
পলাতক থাকায় আসামি হামিদুর রহমান পিন্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। র্যাব-১০ অভিযান চালিয়ে শনিবার রাতে গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম খবরের চোখকে বলেন, বিভিন্ন জন তার কাছে টাকা পাওনা থাকায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন হামিদুর রহমান পিন্টু। পুলিশ ও র্যাব যৌথভাবে খোঁজার পর র্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পাওনাদার ও মামলার আম-মোক্তার মো. আলী হোসেন জানান, জমি বিক্রি করে ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি। আমাদের সরলতার সুযোগ নিয়ে হামিদুর রহমান পিন্টু প্রতারণা করেছে। এলাকায় তার এরকম প্রতারণার ফাঁদে পরে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে । তার কঠোর শাস্তি এমন হওয়া উচিত ভবিষ্যতে যেন কারো সাথে এ ধরনের অপকর্ম করা থেকে বিরত থাকে।