খবরের চোখ প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ড. খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সাথে সাক্ষাৎ করেছেন।
হাইকমিশন আরো জানিয়েছে, তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে গতকাল মঙ্গলবার সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লি যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।