খবরের চোখ প্রতিবেদক:
নৈতিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোর কে আর আই কামিল মাদরাসায় আয়োজিত নবীনবরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অত্যন্ত প্রয়োজন। মাদরাসা শিক্ষা সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করছে এবং সমাজে নৈতিকতার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন নৈতিক সংকট মোকাবেলায় মূল্যবোধভিত্তিক শিক্ষা এখন সময়ের দাবি। মাদরাসাগুলোকে আধুনিক পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক এবং প্রযুক্তির ব্যবহারে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম উন্নত করতেও কাজ চলছে।
বাট্টাজোর কে আর আই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খসরুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ ও সমাজ সেবক আলহাজ নাজমুল হক সাঈদী, সরকারি জাহেদা শফির মহিলা কলেজের অধ্যাপক ড. মোঃ খাইরুজ্জামান, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক জামালী, খাতেমুন মঈন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ সফিউল্লাহ কাওসার, উপাচার্যের একান্ত সচিব (সহকারী রেজিস্ট্রার) মুহাম্মদ আরিফুল ইসলাম, মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদরাসার অধ্যক্ষবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা করেন।
অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর মাদরাসার বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও ল্যাব পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তাদের জন্য দোয়া করেন।