খবরের চোখ প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরে উপবৃত্তি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ৷
রবিবার (৩০ নভেম্বর) অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ-৮ম), এসএসসি (ভোকেশনাল) /দাখিল (ভোকেশনাল) (৯ম-১০ম), এইচএসসি ভোকেশনাল /বিএমটি (একাদশ -দ্বাদশ), চার বছর মেয়াদি ডিপ্লোমার ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহ ও আপডেটের সময় বাড়ানো হয়েছে ৷
এতে আরও বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করে আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে ৷ পরবর্তী ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় ডিটিই স্টাইপেন্ড এমআইএসের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে রেজুলেশনসহ মহাপরিচালকের কাছে পাঠাবে ৷
বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সব পলিটেকনিক, মনোটেকনিক, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভোকেশনাল স্কুল, এইচএসসি (বিএমটি) প্রতিষ্ঠান, আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে ৷