খবরের চোখ প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে এবং এর মাধ্যমে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ভোট রাজনীতির ইতিহাসে একটি বড় ঘটনা। তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে। তাঁর বিশ্বাস, এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পরই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সিইসি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোট উৎসব অনুষ্ঠিত হবে। এদিন ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।