খবরের চোখ
সব সময়

ওসমান হাদির হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

0

- Advertisement -

খবরের চোখ ডেস্ক:

রাজধানীর বিজয়নগরে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, হামলাকারীদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার বলেন, তদন্তে পুলিশ অত্যন্ত কাছাকাছি পৌঁছেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং গ্রেপ্তার কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

- Advertisement -

এর আগে বিকেলে ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।

ডিএমপি জানায়, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে একাধিক তল্লাশি অভিযান চালাচ্ছে। একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.