ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ৷ এক ভিডিওবার্তায় শিল্পা নিজেই বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
জানা গেছে, আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেল মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ৷ সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী ৷ অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি ৷
মিররের প্রধান শাহ জাহান ভুঁইয়া রাজু শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে বলেন, মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত ৷
তিনি আরও বলেন, আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি ৷ ইতোমধ্যে শিল্পা ভিডিওবার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন ৷ আমাদের বিশ্বাস দারুণ একটি অনুষ্ঠান তিনি উপহার দেবেন ৷
এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি ৷ সে সময় “প্যাসন ফর ফ্যাসন” শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন “ধরকন” নায়িকা ৷
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে শিল্পা ৷ গত বছর “হাঙ্গামা টু” দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি ৷ সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে ৷ ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী ৷