গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও পূজা চেরি জুটির সিনেমা ‘গলুই’ ৷ এবার সিনেমাটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ৷
শুক্রবার (১৫ জুলাই) নিউ ইয়র্কে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৷ বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে ৷
সেখানে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’র ৷ এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে বলেও জানায় আন্তর্জাতিক পরিবেশনা সংস্থাটা ৷
জানা গেছে, এরই মধ্যে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক ৷ তার সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’র প্রিমিয়ারে অংশ নেবেন শাকিব খান ৷
বিষয়টি নিয়ে উচ্ছাস প্রকাশ করে পরিচালক এস এ হক অলিক বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি ৷ প্রস্তুতিও নিয়েছি ৷ আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন ৷
সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে ৷ তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি দিতে যাচ্ছি ৷ দর্শক শো কেস সিনেমাসের ওয়েব সাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন ৷
সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু ৷