প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ৷
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৷ জাতীর পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল রাতে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন ৷
সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সেখানে রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে ৷
প্রধানমন্ত্রী এরপর জাতীর জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন ৷ সূত্র বাসস