জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোন রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি ৷ কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয় ৷ আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি ৷
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উত্তরায় নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন ৷
জাপা চেয়ারম্যান আরও বলেন, আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই ৷ আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা ৷
কাদের বলেন, এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয় ৷ আমরা সবাই যার যার রাজনীতি করবো, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে ৷ আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি ৷