আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে ৷
তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একথা বলেন ৷
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ৷ বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে ৷
তিনি বলেন, আগামী বছর থেকে বিশ্বমন্দার আশংকা করছে বিশ্বব্যাংক ৷ এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন ৷
তিনি আরও বলেন, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না ৷