আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে চাইলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে ৷ তখন অনুমোদন হবে কি না সেটা সরকারের বিবেচনার ওপর নির্ভর করবে ৷
আনিসুল হক বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াতে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় ৷
রোববার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ৷
আইনমন্ত্রী আরও বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই ৷ তাকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে ৷ তবে আবেদন করলেই তা অনুমোদন হয়ে যাবে এমন নয়, এটা সরকারের ওপর নির্ভর করবে ৷
আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদও শেষ হচ্ছে ৷