জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশী বাবা ইমরান শরীফ দম্পতির বড় মেয়ে জেসমিন মালিকা জাপান ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন ৷
সোমবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ আকুতি জানান তিনি ৷
জেসমিন মালিকা জানান, আমি জাপান যেতে চাই ৷ আমাকে বলা হয়েছিল যে আমরা আমেরিকায় যাবো ৷ কিন্তু আমরা আমেরিকায় যেতে পারবো না ৷ দুই বছর থেকে আমরা এখানে আছি ৷
তিনি আরও বলেন, আমাকে ভুল বুঝানো হয়েছিল ৷ আমার মায়ের বিষয়ে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল ৷ আমি নির্ভরযোগ্য রিসার্চ করেছি ৷ আমি সব জানতে পেরেছি ৷ আমার স্কুল জাপানে, আমার সংস্কৃতি জাপানে, আমার বন্ধু-বান্ধব জাপানে, আমার সবকিছু জাপানে ৷ আমি এখানে কিভাবে থাকবো?আমি সেখানে যেতে চাই ৷
এসময় জাপানি মা নাকানো এরিকো ও তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন ৷
এরিকো নাকানো বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারিবারিক আদালতকে ৩ (তিন) মাসের মধ্যে মামলাটি শেষ করার নির্দেশ দেন ৷ কিন্তু ইমরান বিলম্ব করছে এবং এটি প্রায় এক বছর হয়ে গেছে এবং এখনো বিচার চলছে ৷ তাই আমার মা এবং তৃতীয় মেয়ে সোনিয়ার সঙ্গে দেখা করা আমার জন্য অত্যাবশ্যক ৷ এখানে আমার অবর্তমানে মেয়েদের দেখাশোনার জন্য আমার কেউ নেই ৷ এমতাবস্থায় তাদের সঙ্গে নিয়ে আমার মুমুর্ষু মাকে দেখতে যেতে চেয়েছিলাম ৷
তিনি আরও বলেন, ইমরান আমার ব্যক্তিগত জীবন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছু গুপ্তচর /গোয়েন্দা নিযুক্ত করেছে ৷ এমনকি আমরা কাছাকাছি শপিং মলেও যেতে পারি না ৷ বিষয়টি আমি থানা ও পারিবারিক আদালতকে জানালেও তারা কোন ধরণের হস্তক্ষেপ করেনি ৷ ভিসা কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেনি ৷ তারা মুলত আমার ভিসা প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করে এবং অপ্রয়োজনে বিভিন্ন প্রমাণপত্র দেখতে চায় ৷