আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৩ বিলিয়ন ইউএস ডলারের ঋণ দেবে কোরিয়া ৷ ২০২৭ সাল পর্যন্ত কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে এ ঋণ দেওয়া হবে ৷ ঋণের বার্ষিক সুদের হার হবে ১ শতাংশ ৷ আর ব্যবস্থাপনা ফি শূন্য দশমিক ৪ শতাংশ ৷ পরিশোধে গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর সময় পাবে বাংলাদেশ ৷
গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে এ বিষয়ে সমঝোতা পত্র ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে ৷ সমঝোতা পত্র স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খাতুন এবং কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত ডেপুটি মিনিস্টার সিইং- উক কিম ৷ সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক তাই-সু কিম ৷
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন বাস্তবায়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান সরকার ৷ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন ইআরডির সচিব শরীফা খাতুন এবং ঢাকায় জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহাইড ৷
এ অনুদানে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ল্যাব বা ওয়ার্কশপে যন্ত্রপাতি সরবরাহ, নির্বাচিত চারটি প্রযুক্তির ল্যাব বা ওয়ার্কশপে যন্ত্রপাতি স্থাপন ও সংস্কার এবং শিক্ষক ও প্রশিক্ষকদের সক্ষমতা বাড়ানো হবে ৷