কুষ্টিয়া প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, র্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র্যাগিং বন্ধের আয়োজন চলছে ৷ র্যাগিং একটি সামাজিক সমস্যা ৷ শুধু আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই র্যাগিং বন্ধ হবে না, এজন্য সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে ৷
শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও অনেক জায়গায় এখনো র্যাগিং হয় ৷ এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায় ৷ এটি কারো কাম্য নয় ৷ র্যাগিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে ৷
বুধবার (১৫ মার্চ) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে অনুষ্ঠিত ১৮টি বিশ্ববিদ্যালয় কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ৷
দীপু মনি আরও বলেন, আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে ৷ জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে ৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা ৷