ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ৷ এজন্য তিনি সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে ঐক্যমত্য আসার আহবান জানান ৷
শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক বক্তব্যে রাষ্ট্রপতি এ আহবান জানান ৷ এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন ৷
রাষ্ট্রপতি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি দেশ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না ৷ সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সবার সহায়তা করা উচিত ৷
তিনি আরও বলেন, রাজনীতি থেকে হিংসা- হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে ৷ প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে এটাই সবার প্রত্যাশা ৷
রাষ্ট্রপতি বলেন, স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন ১৯৭২ সালের ১০ এপ্রিল ঢাকার তেজগাঁওস্থ সংসদ ভবনে শুরু হয় ৷ গণপরিষদে ১৯৭২ সালের ৪ নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয় ৷ এ সংবিধানে প্রথম স্বাক্ষরকারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷ আমি স্বাক্ষর করি ৭১ নম্বরে ৷ এ সংবিধানের আওতায় প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ ৷ এর ঠিক একমাস পর একই বছরের ৭ এপ্রিল প্রথম জাতীয় সংসদের অধিবেশন বসে ৷ আজ মহান জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ হয়েছে ৷