বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার আত্নপক্ষ সমর্থনে ২২ আসামি নিজেদেরকে আদালতে ফের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন ৷
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামানের আদালতে এ দাবি করেন আসামিরা ৷ এরপর আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন ৷
এর আগে গত ৮ সেপ্টেম্বর মামলাটির অভিযোগপত্রে গেস্ট রুমের জায়গায় গেস্ট হাউজসহ কিছু ভুল হওয়ায় ২৫ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে ফের অভিযোগ গঠন করেন আদালত ৷ এরপর মামলাটির আত্নপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করা হয় ৷
২৫ জনের মধ্যে পলাতক ৩ আসামি বাদে আটক ২২ জন কারাগারে ৷
উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ৷ এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নীচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ৷ এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন ৷