মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর জামুকার চেয়ারম্যান পদে থাকা নিয়ে রুল জারি
আদালত বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একইসঙ্গে মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা মূল্যায়ন যাচাই-বাছাই একই হয়ে যাবে
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পদাধিকার বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিযুক্ত থাকা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷
মঙ্গলবার (২৩ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন ৷
বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর করা রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন ৷
ব্যারিস্টার তৌফিক ইনাম টাকার টিপু গণমাধ্যমকর্মীদের রুলের বিষয়টি নিশ্চিত করেন ৷
বগুড়ার এক মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই প্রক্রিয়ার জটিলতা তৈরি হওয়ার বিষয়টি আদালতের নজরে আনেন এক আইনজীবী ৷
পরে আদালত বলেন, যিনি পুলিশ তিনিই বিচারক, এটা হতে পারে না ৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একইসঙ্গে মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধা মূল্যায়ন যাচাই-বাছাই একই হয়ে যাবে ৷ ফলে কাউন্সিলের কার্যক্রমের কোনো মানে থাকে না ৷
একইসঙ্গে আদালত মুক্তিযোদ্ধা নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ ৷ তাকে ভাতা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে ৷
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু ৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ৷
রিটে আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে ৷