আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এবার থাকছে না ৷
বুধবার (১৯ জুলাই) বিকেলে বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি ৷
এসময় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এই ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান দীপু মনি ৷
শিক্ষামন্ত্রী বলেন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে ৷ কেননা এবার নির্বাচন রয়েছে ৷ এজন্য গ্রীষ্মকালীন যে ছুটি সেটা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে ৷
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল ৷ সেটি এখন আর হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ৷
এদিকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ৷ বৈঠক শেষে তিনি জানান, আগামী নির্বাচনের আগে জাতীয়করণের সুযোগ নেই ৷ যদিও এ ব্যাপারে ভাবতে একটি কমিটি করে দেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷